২০০১ সালে সংখ্যালঘু নির্যাতন, ৭ দিনে গেজেট প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতায় গঠিত বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদন সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩ এপ্রিলের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আজ আদালতের নির্দেশনা অনুসারে কমিশনের প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। পরে তিনি প্রথম অলোকে বলেন, আজ কমিশনের প্রতিবেদন দাখিল করা হলে আদালত এ আদেশ দেন।

মূল রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনিজিল মোরসেদ।

২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন গত ২ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ওই কমিশনের প্রতিবেদন জনসমক্ষে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

এর আগে এ বছরের ২২ জানুয়ারি একই বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন।

২০০১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০০৯ সালে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের মে মাসে রুল জারি করেন আদালত। চূড়ান্ত শুনানি শেষে ওই বছরের ৬ মে হাইকোর্ট রায় দেন। রায়ে দুই মাসের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে নির্দেশ দেওয়া হয়। এরপর অবসরপ্রাপ্ত বিচারক শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে তিন সদস্যের কমিশন গঠন করা হয়। ২০১১ সালে কমিশন তদন্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু ওই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না হওয়ায় রিট আবেদনকারী পক্ষ হাইকোর্টে একটি আবেদন করে।