২০০৩ সালের পুনরাবৃত্তি চান না গোলাচৌ কেন্দ্রের ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালীন একদল সন্ত্রাসী গোলাচৌ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল ও বোমাবাজি করে। কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফয়সল আলম ওই সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। তাঁর সামনেই ওই দিন ককটেল বিস্ফোরণ ঘটে। এবার আর এমনটি চান না ওই এলাকার চার গ্রামের এক হাজার ১১৭ জন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গত বুধবার সরেজমিনে ওই এলাকা ঘুরে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে ওই তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ভোটাররা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। জানা গেছে, ১১ অক্টোবর গোলাচৌ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউনিয়নের অন্যান্য ভোটকেন্দ্রের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ১১৭ জন। এর মধ্যে গোলাচৌ গ্রামের ভোটার ৪৩২ জন, মুস্তাফাপুর গ্রামের ৩৪২ জন, উত্তর নিশ্চিন্তপুর গ্রামের ২৫৬ জন ও মধ্যম নিশ্চিন্তপুর গ্রামের ৮৭ জন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে।স্থানীয় লোকজন অভিযোগ করেন, গোলাচৌ গ্রামের রবিউল হোসেন, আবুল বাশার, আবুল হাশেম; মুস্তফাপুর গ্রামের আবদুল গফুর, সুমন মিয়া, সোহাগ মিয়া, শেখ ফরিদ, বিল্লাল হোসেনসহ ১০-১২ জনের একটি দল ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করছে। এর মধ্যে রবিউল হোসেনকে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাঙ্গামার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর সঙ্গে মিজানুর রহমান ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এবার আবার তাঁরা একই কাজ করতে পারেন বলে আশঙ্কা করছেন ওই এলাকার ভোটাররা। তবে এ ব্যাপারে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতীকের নূরুল ইসলাম, মোরগ প্রতীকের আবুল খায়ের ভূঁইয়া ও ফুটবল প্রতীকের মনির হোসেন জানান, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না। পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে তৎপর রয়েছে। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হবে। এ ক্ষেত্রে মোবাইল টিমসহ বিজিবি ও র‌্যাব মাঠে থাকবে। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘গোলাচৌ ভোটকেন্দ্রে অতীতের মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর দক্ষিণ উপজেলার ছয় ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু হবে।’