২০০৫ সালে শেষ হলেও প্রমোট প্রকল্পের নামে চলছে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ (প্রমোট) প্রকল্পটি ২০০৫ সালের ডিসেম্বরে শেষ হয়েছে। কিন্তু ওই প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য এখনো প্রতারণা চলছে।এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ জানিয়েছেন, বর্তমানে প্রকল্পটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। নতুন করে এ নামে কোনো প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় চালু নেই। সমাপ্ত প্রমোট প্রকল্পের কিছু কাজ অসমাপ্ত থাকলেও নিয়োগের বিষয় বাকি নেই।এদিকে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং কবে নাগাদ আবার প্রকল্প শুরু হবে, এ বিষয়ে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা শিক্ষা ভবনে যোগাযোগ ও আসা-যাওয়া করছেন। এ সুযোগে একটি জালিয়াত চক্র প্রমোট-২ প্রকল্প নামে ভুয়া প্যাড ছাপিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দেওয়া হবে মর্মে পত্র দিয়ে প্রতারণা করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রমোট-২-এর নামে কোনো প্রকল্প পরিচালকও নেই। এই প্রকল্পের আওতায় উন্নয়ন খাতে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ প্রকল্পের নাম ব্যবহার করে একটি জালিয়াত চক্র অসহায় ও নিরীহ শিক্ষকদের কাছ থেকে নগদ টাকা বা মোবাইল ফোন কার্ড হাতিয়ে নিচ্ছে। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দৃষ্টিগোচর হওয়ায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন ও চিন্তিত।প্রমোট-২ প্রকল্পের প্যাডে ব্যবহার করা মোবাইল ফোন নম্বর (০১৫৫৬৫৫৮৩১৫) সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া এই ভুয়া প্রকল্পের সঙ্গে জড়িত জালিয়াত চক্রের আহ্বানে সাড়া না দেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের অনুরোধ করা হয়েছে।