দেশে গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৫৪ জন। এর মধ্যে ১২৯ জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। গতকাল শুক্রবার মানবাধিকার সংগঠন অধিকার প্রকাশিত ২০০৯ সালের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বিডিআর বিদ্রোহকে গত বছরের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে উল্লেখ করা হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর সারা দেশে র্যাবের হাতে ৩৮ জন, পুলিশের হাতে ৬৩ জন, র্যাব-পুলিশের হাতে ২৫ জন ও সেনাবাহিনীর হাতে তিনজন নিহত হয়। এ সময় ২১ জন নির্যাতনে মারা গেছে বলে অভিযোগ রয়েছে।প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং এ নিয়ে মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মন্ত্রীদের বক্তব্যের কারণে অধিকার আশঙ্কা করছে, সরকার আইনি প্রক্রিয়ার বাইরে নাগরিকদের হত্যা করাকে এখন নীতি হিসেবে নিয়েছে।প্রতিবেদনে ২০০৯ সালের মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা হিসেবে বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পরে বিদ্রোহে জড়িত অভিযোগে আটক বিডিআর সদস্যদের জিজ্ঞাসাবাদের নামে অমানুষিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিডিআর বিদ্রোহের পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫১ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়। এর মধ্যে হেফাজতে মারা গেছেন ২৬ জন। অভিযোগ রয়েছে, এঁদের মধ্যে ছয়জন নির্যাতনে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের দেহে নির্যাতনের চিহ্ন ছিল। লাশের সুরতহাল প্রতিবেদনেও তা উল্লেখ করা হয়।প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে আইন প্রয়োগকারী বাহিনীর হাতে ৬৮ জন নির্যাতিত হয়। প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত বছর দেশে তিনজন সাংবাদিক নিহত ও ৮৪ জন আহত হন। এ ছাড়া গত বছর বিদেশ থেকে মোট দুই হাজার তিনজন শ্রমিক লাশ হয়ে দেশে ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়ে অনেক শ্রমিক বিদেশে গিয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়ান। এ সময় তাঁরা পুলিশসহ বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হন। গত বছর তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের বিভিন্ন ঘটনায় সাতজন নিহত ও এক হাজার ৩০১ জন আহত হন।