২০০৯ সালের ডিগ্রি পাস পরীক্ষা ৫ জুলাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ৫ জুলাই দুপুর দুইটা থেকে শুরু হবে। এ পরীক্ষা অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সারা দেশের এক হাজার ৪৩৫টি ডিগ্রি কলেজের বিভিন্ন বর্ষের দুই লাখ ৬৪ হাজার ৯০১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট ৫৮৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে বিএ ৯৪ হাজার ৩৯৬ জন, বিএসএস এক লাখ এক হাজার ৮৭৩ জন, বিএসসি নয় হাজার ৭৩২ জন, বিবিএস ৫৮ হাজার ১৮৫ জন, বিমিউজ ৭৭ জন এবং বি স্পোটর্স ৩৯ জন। এ ছাড়া সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৫৯৯ জন। পরীক্ষার কেন্দ্রগুলোতে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনা করে এ বছর পরীক্ষা দুপুর থেকে শুরুর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রমজান মাসে পরীক্ষা (১১-০৮-২০১০ থেকে) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সব জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর: ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর ৯২৯১০৪৪।