২০১ কলেজকে চিঠি, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ উদ্‌ঘাটনের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়েছে।

বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জামাল নাছেরকে আহ্বায়ক, উপকলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মো. হাবিবুর রহমানকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল খালেক।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. জামাল নাছের বলেন, কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৪৯ দশমিক ৫২। বোর্ডের গড় পাসের হারের চেয়ে কম এমন কলেজের সংখ্যা ২০১টি। এসব কলেজের অধ্যক্ষকে ফল বিপর্যয়ের কারণ, ব্যাখ্যা ও ভবিষ্যতে ভালো করার সুপারিশ জানাতে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গতকালই অনলাইনে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির জবাব পাওয়ার পর তদন্ত কমিটি এ বিষয়ে পর্যালোচনা করবে। এরপর ১৫ দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবে। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করে দিয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ৩৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৭২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন ৪৯ হাজার ৭০৪ জন। পাসের হার ৪৯ দশমিক ৫২। জিপিএ-৫ পেয়েছেন ৬৭৮ জন পরীক্ষার্থী। যা দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবার নিচে। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বোর্ডের ফল ঘোষণার সময় (গত রোববার) প্রশ্ন রাখেন, ‘কুমিল্লায় কেন ফল বিপর্যয়? সব বোর্ডের মধ্যে একটা বোর্ডের ফলাফল খারাপ, কেন তা হয়েছে আমি জানি না। ওই এলাকা (কুমিল্লা) থেকে এত বড় বড় অফিসার আসে। কুমিল্লায় এই দুরবস্থা কেন?’ এরপর সব মহলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বোর্ড কর্তৃপক্ষ নড়েচড়ে ওঠে। গতকাল ঢাকা থেকে ফিরে বোর্ডে আসেন চেয়ারম্যান মো. আবদুল খালেক। পরে তিনি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানতে চাইলে চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, ‘নকলমুক্ত পরিবেশে কুমিল্লা বোর্ডের পরীক্ষা হয়েছে। খাতা মূল্যায়নে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। এ নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। আমরাও খারাপ করা ২০১টি কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছি। তাঁদের কাছ থেকে জবাব পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের ডেকে এনে বোর্ডের সম্মেলনকক্ষে শিক্ষার গুণগতমান নিয়ে সেমিনার ও আলোচনা সভা হবে।’