২০১০ সালে নারী জনশক্তি রপ্তানি বেড়েছে ১২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির হার ২১ শতাংশ কমে গেলেও নারী কর্মী রপ্তানির হার ১২ শতাংশ বেড়েছে। এ বছর রপ্তানি করা নারী কর্মীর সংখ্যা মোট অভিবাসনের ৬ দশমিক ৬০ শতাংশ। ২০০৩ সালে নারী কর্মী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর এ সংখ্যা ক্রমশ বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছর নারী কর্মী রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছর বাংলাদেশের রপ্তানি করা জনশক্তির শূন্য দশমিক ৮ শতাংশ পেশাজীবী, ১৭ দশমিক ৮৪ শতাংশ দক্ষ, ৪ দশমিক ২৫ শতাংশ আধাদক্ষ এবং ৬৪ শতাংশ স্বল্প দক্ষ কর্মী। আর চুক্তিভিত্তিক অভিবাসন সময়সীমা শেষ করে বা না করে দেশে ফিরে এসেছেন ৪১ হাজার ২২০ জন কর্মী।গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস অব লেবার মাইগ্রেশন ২০১০: অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্সট্রেইন্ট’ শীর্ষক প্রকাশিত এই প্রতিবেদন উপস্থাপন করেন রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন বৈরী পরিবেশ সত্ত্বেও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষায় এবং বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে। যদিও এশিয়ার অন্যান্য জনশক্তি রপ্তানিকারী দেশ তাদের রপ্তানির হার আগের বছরের সমান ধরে রেখেছে। এ ছাড়া সাম্প্রতিক বিশ্বমন্দার কারণে বিগত বছরগুলোর তুলনায় ২০০৯ সালে জনশক্তি রপ্তানি ১৭ দশমিক ৮৬ শতাংশ কমে যায়। আর গত বছরের তুলনায় চলতি বছরে দক্ষ শ্রমিকের সংখ্যা কমেছে এবং অদক্ষ কর্মীর সংখ্যা বেড়েছে। এ বছর সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, ৫২ দশমিক ২৭ শতাংশ। বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলা থেকে সবচেয়ে বেশি কর্মী বিদেশে যান বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩০ বছরে বাৎসরিক প্রবাসী-আয় ১০ শতাংশের বেশি বেড়েছে। এমনকি অর্থনৈতিক মন্দার পরও প্রবাসী-আয়ে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রা ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রবাসী-আয় কমতে শুরু করে। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত সময়ের তুলনায় এ বছরের নভেম্বরে প্রবাসী-আয় মাত্র ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সম্মেলনে শাহ্দীন মালিক বলেন, দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য কারিগরি কোর্স চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা দ্রুত সংশোধন প্রয়োজন। রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়বদ্ধ করার পাশাপাশি ভালো সেবা দেওয়ার জন্য তাদের সম্মানিত করার কর্মসূচিও সরকারের থাকা দরকার। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জনশক্তি রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ছাড়া ২০১১-২০ দশককে অভিবাসনের দশক হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তাঁরা।