২০১০ সালে পেশাগত দুর্ঘটনায় ২৪৫৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অর্থাৎ ২০১০ সালে সারা দেশে পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় দুই হাজার ৪৫৩ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন এক হাজার ৮৪১ জন।বাংলাদেশ অক্যুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কেবল সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ওশির গবেষণা সহকারী নাবিলাহ রেজওয়ানা।প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে পরিবহন খাতে হতাহত মানুষের সংখ্যা সর্বাধিক, এক হাজার ২১৭ জন। এ ছাড়া তৈরি পোশাক খাতে ৭৪৩, দিনমজুর ৩৫৬, কৃষি ও মৎস্য খাতে ৩০০ এবং নির্মাণ খাতের ২৪৮ জন মারা গেছেন।প্রতিবেদনে বলা হয়, শুধু কর্মক্ষেত্রেই দুর্ঘটনায় ৮৯১ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট—এসব দুর্ঘটনায় হতাহতের ঘটনাগুলো ঘটে। এ ছাড়া কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে ৪৬৪ জন মারা গেছেন। আর শ্রম অধিকার লঙ্ঘনের ফলে ৩০২ জন নিহত ও ৫২১ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন-২০০৬-এর যথাযথ প্রয়োগের অভাব, দুর্বল শ্রম পরিদর্শন-ব্যবস্থা, সচেতনতার অভাব, কর্মস্থলে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটির অনুপস্থিতি, প্রাপ্য মজুরির অভাব—এসব কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।