বাংলাদেশে ২০১১ সালে ৪৪৫ জন এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ পুরুষ, ৩৩ শতাংশ নারী এবং ২ শতাংশ হিজড়া রয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৬৭ জন, চট্টগ্রামে ১৩৭ জন, সিলেটে ৭৯ জন, বরিশালে ১৪ জন, খুলনায় ৩০ জন, রংপুরে সাতজন, রাজশাহীতে সাতজন এবং অন্যান্য অঞ্চলে আরও চারজন রয়েছে। একই বছরে এইডস রোগে আক্রান্ত মোট ১৪ জন মারা গেছে।সিলেট নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আয়োজকেরা এসব তথ্য জানান। এসএমসি মধুমিতা প্রকল্পের উদ্যোগে এবং আশার আলো সোসাইটি, সিলেট যুব একাডেমী, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও এসএমসির সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এ এইচ এম ফয়সাল আহমদ। পরে বিভিন্ন পর্বে বক্তৃতা করেন বাংলাদেশ সেন্ট্রাল ফর কমিউনিকেশন প্রোগ্রামের কর্মকর্তা শফিকুর রহমান, কবি-সাংবাদিক মারুফ রায়হান, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, মাহবুবুর রহমান, নিশিকান্ত চন্দ, ফারুক আহমদ প্রমুখ।আশার আলো সোসাইটির সিলেটের বিভাগীয় সমন্বয়কারী তাহমিনা বেগম বলেন, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁদের হিসাব অনুযায়ী সিলেটে ৪৪৬ জন এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৯ জন জীবিত রয়েছে। জীবিতদের মধ্যে পুরুষ ১৩৮ জন, নারী ১০০ জন এবং শিশু ২১ জন রয়েছে। বক্তারা বলেন, এইচআইভি/এইডস-বিষয়ক অপবাদ ও বৈষম্য কমিয়ে এনে জনসাধারণের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এইডস রোগে সংক্রমিত ব্যক্তি প্রকৃতপক্ষে সমাজের ভুল ধারণার কারণে অপবাদের মুখোমুখি হয়ে থাকে। এই অপবাদকেই ঘিরে সৃষ্টি হয় বৈষম্য।