২০১১ সালে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১১ সালে দেশে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে উৎপাদন করা হবে। আর এ বিদ্যুৎ উৎপাদনের পর দেশের বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে আসবে। তখন নতুন করে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন। জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় শাহজালাল বাজার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের নেতা মো. মছদ্দর আলীর সভাপতিত্বে ও ফারুক খানের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুজ জহির চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এর আগে অর্থমন্ত্রী নগরের তোপখানা এলাকায় সিলেট সদর উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।