২০১১ সালের প্রশ্নপত্রে ২০১৩ -এর পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ৬৬ জন পরীক্ষার্থী ২০১১ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে ওই কেন্দ্রের পরীক্ষা কমিটি বাতিল করা হয়েছে।পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা দুইটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসির পরিসংখ্যান দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৬ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের ‘ক’ সেটের প্রশ্ন দেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় কুমিল্লা কমার্স কলেজ, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা। কিন্তু বোর্ডের অধিভুক্ত অন্য ৩০৫টি পরীক্ষাকেন্দ্রে ২০১৩ সালের ‘খ’ সেট প্রশ্নে পরীক্ষা হয়। ফলে ২০১১ সালের প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। প্রশ্নের ধরনও ছিল ভিন্ন। পরীক্ষার্থীরা বাসায় গিয়ে বৃহস্পতিবার রাতে অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে আলাপ করে বিষয়টি বুঝতে পারে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘কলেজের আলমারিতে প্রশ্ন ছিল। ভুলে দেওয়া হয়েছে। পরীক্ষার হলে কেউ কোনো অভিযোগ করেনি। এটা আমার দায়িত্ব ছিল, না দেখেই দিয়েছি।’ কলেজের একাধিক শিক্ষক জানান, এবারের পরীক্ষা কমিটি খুবই দুর্বল। অযোগ্য ও অদক্ষতার কারণে এ অবস্থা হয়েছে। লবিং করে কমিটিতে থাকায় কলেজের বদনাম হলো। পরীক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হলো।কলেজের অধ্যক্ষ আবুল কাসেম মিয়া বলেন, ‘এটা একটা মহা ভুল হয়ে গেছে। কলেজের আলমারির ভেতরে পুরোনো প্রশ্ন থাকায় সেগুলো বিতরণ করা হয়েছে। এ জন্য কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এ কে এম ফজলুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা কমিটি বাতিল করা হয়েছে। কমিটির সদস্যদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউর রহমান বলেন, খবর পাওয়ার পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। কলেজের বর্তমান পরীক্ষা কমিটি বাতিল করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।