২০১২ সালের জুলাইয়ে বৃত্তাকার নৌপথ চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের চারপাশের বৃত্তাকার নৌপথ ২০১২ সালের জুলাই মাস থেকে পুরোপুরি চালু হবে। জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।জাতীয় পার্টির মুজিবুল হকের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী জানান, ঢাকা শহরের চারদিকে নৌপথ চালুর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় আশুলিয়া থেকে ডেমরা-কাঁচপুর পর্যন্ত নৌপথ উন্নয়নের কাজ চলছে। ২০১২ সালের জুনে এ কাজ শেষ হবে। জুলাই থেকে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথটি চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়।সরকারি দলের ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী জানান, বাংলাদেশের পতাকাবাহী ছিনতাই হওয়া জাহাজটি বর্তমানে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের কবলে রয়েছে। সর্বশেষ তথ্যমতে, জাহাজমালিকের সঙ্গে ছিনতাইকারীদের আলোচনায় অগ্রগতি হয়েছে। শিগগির নাবিকেরা উদ্ধার পাবেন বলে আশা করা যায়।শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, দেশের ৯০ শতাংশ নদীই প্রয়োজনীয় নাব্যতা হারিয়েছে। বন্ধ হয়ে যাওয়া ও বন্ধের উপক্রম নৌপথগুলো ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।