২০১৩-এ প্রায় পাঁচ হাজার নারী শিশু নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, গত এক বছরে (২০১৩) বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন চার হাজার ৭৭৭ জন নারী ও শিশু। বছরটিতে ৮২৯ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। ২৩৯ জনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ৩৮৬ জন নারী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ১৭২ জন নারী ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গতকাল বুধবার এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বছরটিতে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৬৭টি। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪৯৪ জন এবং এ কারণে আত্মহত্যা করেছে ২৪ জন। ৯৭৫ জন নারী বর্বর নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৮৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯৪ জনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫৩ জনকে। এ ছাড়া শ্ল্লীলতাহানির শিকার হয়েছেন ১৫৪ জন।
যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৪৩৯ জন নারী এবং এঁদের মধ্যে হত্যা করা হয়েছে ২৪৫ জনকে। ফতোয়ার শিকার হয়েছেন ২৪ জন। নির্যাতনের শিকার ৮৯ জন গৃহপরিচারিকার মধ্যে ২৮ জনকেই হত্যা করা হয়েছে। এঁদের মধ্যে আত্মহত্যা করেছে ২৫ জন। বছরটিতে অ্যাসিডদগ্ধের শিকার হন ৫০ জন। অ্যাসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে চারজনের। বছরটিতে অপহরণের শিকার হয়েছে মোট ১৩১ জন। মোট ২৭ জন নারী ও শিশুকে পাচার করা হয়েছে তার মধ্যে ১০ জনকে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে। বিজ্ঞপ্তি।