২০১৪ সালে দুর্ঘটনায় ১৩৯৩ শিশুর মৃত্যু
২০১৪ সালে দুর্ঘটনায় ১,৩৯৩টি শিশুর মৃত্যু হয়েছে। এদের ৫১৭ জনই মারা গেছে সড়ক দুর্ঘটনায়। নারায়ণগঞ্জ, যশোর, ঢাকা, চট্টগ্রাম ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিশু মারা গেছে। একই সময়ে পানিতে ডুবে মারা গেছে ৪৬৪ জন।
বেসরকারি সংস্থা (এনজিও) মানুষের জন্য ফাউন্ডেশন সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি-সংবাদপত্রের পাতা থেকে’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম আলো, যুগান্তর, সমকাল, ইংরেজি দৈনিক নিউ এজ ও ডেইলি স্টার-এ শিশুদের ওপর প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেশের শিশু পরিস্থিতি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত এক বছরে পত্রপত্রিকায় শিশুদের নিয়ে ২৫৭টি ইতিবাচক খবর ছাপা হয়েছে। এর মধ্যে ছিল বইমেলা, চলচ্চিত্র উৎসব, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, জাদু, গণিত উৎসবে অংশগ্রহণবিষয়ক প্রতিবেদন।
সংস্থাটির কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন বলেন, এই অনুষ্ঠানগুলোয় মূলত শহরের স্কুলপড়ুয়া শিশুদের অংশগ্রহণ ছিল। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত হয়নি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে শিশুদের নিয়ে আরও বেশি প্রতিবেদন লেখার আহ্বান জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।
সংস্থাটি জানায়, এর আগে সরকারিভাবে জাতিসংঘে বাংলাদেশ থেকে শিশু পরিস্থিতির ওপর প্রতিবেদন পাঠানো হয়েছিল। কিন্তু জাতিসংঘ বলেছে, সেটি যথেষ্ট তথ্যনির্ভর নয়। এর পরিপ্রেক্ষিতে মানুষের জন্য ফাউন্ডেশন চার বছর ধরে তথ্য সংগ্রহ করছে। বাংলাদেশে এখন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও শিশু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করে থাকে।
সংবাদপত্র পর্যালোচনার ভিত্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, ২০১৩ সালে আত্মহত্যা করে ১৬৬ জন। পরিবারের সদস্যদের ওপর রাগ, যৌন হয়রানি, পরীক্ষায় ফেল করা, প্রেমে ব্যর্থতা ও পর্নোগ্রাফির শিকার হয়ে শিশুরা আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, মেয়েশিশুদের মধ্যে আত্মহত্যার পরিমাণ বেশি এবং তারা নতুন নতুন কারণে আত্মহত্যা করছে। এটি খুবই উদ্বেগজনক। পর্নোগ্রাফি, যৌন হয়রানির শিকার হয়ে অনেক মেয়েশিশু আত্মহত্যা করছে।
মানুষের জন্য ফাউন্ডেশন শিশুদের অধিকার রক্ষায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পৃথক শিশু অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে। সংস্থাটি বলছে, তৃণমূলে মহিলা অধিদপ্তরের কর্মকর্তাদের পাওয়া গেলেও শিশুদের জন্য কাউকে পাওয়া যায় না।