২০১৪ সালে শ্রম আইন লঙ্ঘিত হয়েছে ৪৪,৩৪৭টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কলকারখানাগুলোতে ২০১৪ সালে শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৪৪ হাজার ৩৪৭টি। এর মধ্যে ১০ ভাগের কিছু বেশি ঘটনা ঘটেছে তৈরি পোশাক শিল্প কারখানায়। এই তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি অর্থাৎ​ ৪৪ ভাগ আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কর্মক্ষেত্রে নিয়োগের শর্তাবলি সম্পর্কিত ক্ষেত্রে। এর মধ্যে সুরক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত আইন লঙ্ঘিত হয়েছে ২৭ শতাংশ।

২০১৪ সালে ২৪ হাজার ১৯৭টি কলকারখানা পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ বলেন, মোট সংখ্যা বেশি মনে হলেও ২৪ হাজার ১৯৭টি কলকারখানায় হয়তো গড়ে দুটি করে ঘটনা ঘটেছে। তবে এগুলোর বিরুদ্ধে নোটিশ দেওয়া হচ্ছে। এরপর মামলা করা হবে। তিনি জানান, গত বছরের প্রতিবেদন আগামী কয়েক মাসের মধ্যেই প্রকাশ করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালে বিভিন্ন কলকারখানায় ৮৮ জন শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকদের মধ্যে ১৯ জন পোশাক শ্রমিক। আর ১২ হাজার ৩৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ হাজার ১৮১ জন পোশাক শ্রমিক।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ৩৭টি তৈরি পোশাক কারখানা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ৩৬টি কারখানাকে আংশিক বন্ধ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় প্রতিনিধি শ্রীনিবাস ডি রেড্ডি প্রমুখ।