২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে এক হাজারের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। অর্থাৎ গড়ে দিনে ধর্ষণের শিকার হয়েছেন প্রায় তিনজন নারী। বছরটিতে ৪ হাজার ৪৩৬টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ বলেছে, বছরটিতে উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পায়। ১ হাজার ৯২টি ধর্ষণের ঘটনায় গণধর্ষণের শিকার হন ১৯৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয় ৮৫ জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪২ জনকে। বছরটিতে বিভিন্ন নির্যাতনের কারণে ৩৩৬ জন আত্মহত্যা করতে বাধ্য হন। ১৬৭ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয়েছে ৯৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বছরটিতে ৭১৪ জন নারী ও শিশুকে হত্যা করা হয়। হত্যার চেষ্টা করা হয়েছে ৫১ জনকে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৩৮৬ জন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ২০৩ জনকে। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে ৭০ জন। নির্যাতন করে হত্যা করা হয়েছে ৩০ জনকে। নির্যাতনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তিনজন গৃহকর্মী। এ ছাড়া বছরটিতে উত্ত্যক্ত করা হয়েছে ৩৬২ জনকে। এ কারণে আত্মহত্যা করেছে ২২ জন। ফতোয়ার শিকার হয়েছেন ২৮ জন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ৩৭ জন। শারীরিক নির্যাতনের শিকার হন ৩০২ জন। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন ৩৭ জন। অপহরণের ঘটনা ঘটেছে ৯৭টি। নারী ও শিশু পাচারের শিকার হয় ৬৫ জন। যৌনপল্লিতে বিক্রি করা হয় ১৮ জনকে। বিজ্ঞপ্তি।