২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩২৫ শিশুর

বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, পত্রপত্রিকার তথ্য অনুযায়ী ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৩২৫টি শিশু মারা গেছে। দুর্ঘটনার কারণ হিসেবে গাড়িচালকের অসতর্কতা, বেখেয়ালে রাস্তা পার হওয়া, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানাকে চিহ্নিত করা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশন ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদনে নিজস্ব গবেষণা উদ্ধৃত করে সংস্থাটি বলেছে, রাজধানীর ৭৭ শতাংশ স্কুল-কলেজপড়ুয়া শিশু পর্নোগ্রাফি দেখে। সংস্থার কর্মকর্তারা বলেন, প্রতিদিন ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত শিশু-বিষয়ক সংবাদগুলো পর্যালোচনা করে বাংলাদেশের শিশু পরিস্থিতির ওপর ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘২০১৫ সাল ছিল শিশুদের জন্য ভয়াবহ একটি বছর। পত্রিকা খুললেই শিশুহত্যা ও নির্যাতনের খবর আমরা পেয়েছি, যার মধ্যে কিছু সংবাদ ছিল খুবই বীভৎস।’ তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। যাঁরা চালক হওয়ার যোগ্য নন, তাঁদের কেউ কেউ গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে যান। অভিভাবকদেরও সচেতন হওয়া দরকার। কিছুদিন আগেও আমরা দেখেছি কাঁটাতারের বেড়া টপকে রাস্তা পার হতে গিয়ে এক শিশু নিহত হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু বেশি ঢাকায়, ৩৮টি। এরপর রয়েছে নারায়ণগঞ্জে ১৬টি ও গাজীপুরে ১৫টি। এর আগের বছর মারা যায় ৫১৭টি শিশু।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু প্রসঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়িচালকের প্রশিক্ষণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াই অস্বচ্ছ। এসব কারণে দুর্ঘটনা ঘটছে।
‘পর্নোগ্রাফি’ মারাত্মক উদ্বেগের কারণ: মানুষের জন্য ফাউন্ডেশনের শিশু সুরক্ষা কর্মসূচির ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন সংস্থাটির নিজস্ব একটি গবেষণাকে উদ্ধৃত করে বলেন, ঢাকার স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশ পর্নোগ্রাফি দেখে। বেশির ভাগ ক্ষেত্রে পর্নোগ্রাফিগুলোয় যাদের ভিডিও দেখানো হচ্ছে, তারা স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী এবং তাদের বয়স ১৮ বছরের কম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিভাবকেরা শিশুদের দামি মুঠোফোন, ট্যাব ও সেগুলোয় ইন্টারনেট সংযোগ দিচ্ছেন, কিন্তু তারা কী কাজে এগুলো ব্যবহার করছে, সে সম্পর্কে খোঁজখবর করছেন না। জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম নিবন্ধন করা নিষিদ্ধ। তার অর্থ ১৮ বছরের নিচে মুঠোফোন ব্যবহার করতে হলে শিশুকে অভিভাবকের নামে নিবন্ধন করা সিম ব্যবহার করতে হবে।
বছরজুড়ে শিশুদের নিয়ে শিক্ষা-স্বাস্থ্য খাতে বৈষম্য, যৌন নির্যাতন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, হত্যা, অপহরণ, অপহরণের চেষ্টা, বাল্যবিবাহ, নির্যাতন ইত্যাদি খবরের তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন ওই প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, গত বছর ২৮৫টি শিশুকে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৪১ শিশুর। রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ১৫টি শিশুর। এই সময়ে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পরীক্ষায় ভালো ফল, শিশুদের বিভিন্ন সুযোগ ও সেবা পাওয়ার খবরও ছাপা হয়েছে।
অনুষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য পারভিন মাহমুদ।