২০১৫ সালে ১ লাখ ২৯ হাজার ডায়াবেটিস রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মারা যাচ্ছে। বছরে মারা যায় প্রায় ৫০ লাখ। আর বাংলাদেশে ২০১৫ সালে মারা গেছে ১ লাখ ২৯ হাজার ৩১৩ জন ডায়াবেটিস রোগী।
গতকাল রাজধানীর সেগুনবাগিচার বারডেম মা ও শিশু হাসপাতালে আয়োজিত ‘টেকসই উন্নয়নে নভো নরডিস্কের প্রতিশ্রুতি’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। ওষুধ কোম্পানি নভো নরডিস্ক ফার্মা এবং বারডেম মা ও শিশু হাসপাতালের চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন ক্লিনিক এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নভো নরডিস্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার উলভস্কজোল্ড বলেন, ‘ক্রমবর্ধমান ডায়াবেটিসের ঝুঁকি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একটি বড় বাধা। কারণ স্বাস্থ্য ও উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ছাড়া অন্যটি সম্ভব নয়।’ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, টাইপ-১ ডায়াবেটিসের জন্য রোগী নিজে বা মা-বাবা দায়ী নন। এসব রোগীর জীবন রক্ষায় ইনসুলিন দিতেই হবে। তাই ইনসুলিন হচ্ছে মানবাধিকার। ইনসুলিন সর্বজনীন করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত তিনজন শিশুকে পুরস্কৃত করা হয়। এরা নিয়ম মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছে। এদের একজন শুভ। তার বয়স এখন ১১ বছর। পাঁচ বছর বয়সে তার ডায়াবেটিস শনাক্ত হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশে বর্তমানে ৭১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৪০ সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ কোটি ৩৬ লাখ। এ দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের সঙ্গে নভো নরডিস্ক ইনসুলিন তৈরি করে এবং ট্রান্সকম ডিস্ট্রিবিউশন তা সারা দেশে সরবরাহ করে।