২০১৫ সালের পর ওষুধের দাম বাড়বে, জনস্বাস্থ্য নিয়ে আশঙ্কা
বাংলাদেশে ২০১৫ সালের পর ওষুধের দাম তিন থেকে ২০ গুণ বাড়বে। জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের নাগালের বাইরে থাকবে ওষুধের দাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নারী ও শিশু। এ কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের একটি অধিবেশনে এ কথা বলা হয়। ‘হেলথ ফোরাম’ নামের এই অধিবেশনের আয়োজন করে বাংলাদেশের কয়েকটি বেসরকারি সংস্থা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ওষুধ প্রযুক্তি অনুষদের ডিন আ ব ম ফারুক বলেন, ব্যবসা-সংশ্লিষ্ট মেধাস্বত্ব অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ট্রিপস) অনুযায়ী বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো ২০১৫ সাল পর্যন্ত মেধাস্বত্ব না মেনে ওষুধ উৎপাদন করতে পারবে। এখনো সেই সুবিধা পাচ্ছে বলে বাংলাদেশে ওষুধের দাম কম। ২০১৬ সাল থেকে মেধাস্বত্ব মেনে ওষুধ উৎপাদন করতে গেলে খরচ বাড়বে। অন্যদিকে বিদেশি ওষুধে এ দেশের বাজার সয়লাভ হবে। করণীয় বিষয়ে এক প্রশ্নের জবাবে আ ব ম ফারুক বলেন, সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। চুক্তির সময়কাল অন্তত আরও ১৫ বছর বাড়ানোর চেষ্টা চালাতে হবে। জনমানুষকে সেই প্রচেষ্টায় শামিল করার উদ্যোগ নিতে হবে।সোশ্যাল ফোরাম শুরু হয়েছে ১৯ নভেম্বর। গতকাল পর্যন্ত ৪৪টি দেশের এক হাজার ২০০ বিদেশি প্রতিনিধি ফোরামে যোগ দিতে ঢাকা এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনে একই সঙ্গে অনেকগুলো অধিবেশন বসছে। গতকাল এ রকম ৩৩টি অধিবেশন হয়েছে। ফোরাম শেষ হবে ২২ নভেম্বর।হেলথ ফোরামের অধিবেশনে কমিউনিটি ক্লিনিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন নোভা কনসালটেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক ইয়াসমিন আহমেদ। সাম্প্রতিক এক জরিপের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, ক্লিনিক পরিচালনায় জবাবদিহির অভাব আছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুবের সভাপতিত্বে অধিবেশনে সনাতন চিকিৎসাব্যবস্থা নিয়ে একটি বেসরকারি সংস্থার পরিচালক নরেশ মধু, নগর স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ফয়েজ মোশতাক এবং স্বাস্থ্যের উন্নতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিক খায়রুজ্জামান বক্তব্য দেন।