আগামী পাঁচ বছরে, অর্থাৎ ২০১৫ সালের মধ্যে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে দাবি করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম। গতকাল মঙ্গলবার প্রকাশিত ‘বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেক হ্রাস: এখনো সম্ভব’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই দাবি করেছে।২০১৫ সালের মধ্যে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার বিষয়টি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য (এমডিজি-১)। এই লক্ষ্য নির্ধারণের পর গত ১০ বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষ কমেছে মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ। ২০০০ সালে এমডিজি নির্ধারণের সময় বিশ্বে ক্ষুধার্ত মানুষ ছিল ১৪ শতাংশ, যা এখন সাড়ে ১৩ শতাংশ।অক্সফামের প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন জাতিসংঘের খাদ্য ও কৃষি কমিটি (এফএও) বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এফএওর মতে, গত বছর বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যার রেকর্ড ছিল সর্বোচ্চ ১০২ কোটি। বছর শেষে নয় কোটি ৮০ লাখ কমে এ সংখ্যা ৯২ কোটি ৫০ লাখ হয়েছে।তবে অক্সফামের ধারণা, এফএওর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমার মূল কারণ প্রাকৃতিক। গত দুই বছরে ফসলের উৎপাদন ভালো হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যমূল্য কমেছে। তাই ক্ষুধার্ত মানুষের সংখ্যাও কিছুটা কমেছে। এ ব্যাপারে কোনো আন্তর্জাতিক নীতি বা বিনিয়োগ ভূমিকা রাখেনি। প্রয়োজন খাদ্যের নিরাপত্তার বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন-সম্বলিত কর্মপরিকল্পনা। প্রতিবেদনে অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জেরেমি হবস বলেছেন, ‘বিশ্ব নেতারা ২০১৫ সালের মধ্যে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামানোর শপথ করেছেন ১০ বছর হলো। কিন্তু এ লক্ষ্যমাত্রা অর্জনের ধারেকাছেও নেই আমরা। তবে আমরা জানি, নির্ধারিত সময়ের মধ্যে এ লক্ষ্যমাত্রা পূর্ণ করা সম্ভব। এর কৌশলও আমাদের জানা আছে। এখন প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছার।’ তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক সরকারগুলো খাদ্যমূল্যে অস্থিরতা, কৃষিখাতে কম বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো প্রতিরোধ না করলে বিশ্বজুড়ে যেকোনো সময় আবার খাদ্যমূল্য বেড়ে যেতে পারে।’সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অগ্রগতি পর্যালোচনার জন্য ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশ্ব নেতারা তিন দিনের আলোচনায় বসছেন।