২০১৫ সালের মধ্যে মামলা নিষ্পত্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটি আইন মন্ত্রণালয়কে ২০১৫ সালের মধ্যে এ মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা নিয়ে আলোচনায় হয়। আলোচনায় অংশ নিতে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, একটি মামলা ১১ বছর ধরে চলছে। জনগুরুত্বপূর্ণ মামলা হলেও এর গতি সাধারণ। এ গতিতে চললে মামলা নিষ্পত্তিতে অনন্তকাল লেগে যাবে। তাতে তো ন্যায়বিচার পাওয়া যাবে না। তিনি বলেন, ‘শুনেছি ৪০০ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সেই হামলায় গ্রেনেডের স্প্লিন্টারে আমিও আহত হয়েছিলাম। অথচ মামলার সাক্ষী হতে পারলাম না, আসামি হলাম না। এর অর্থ মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে দুর্বলতা আছে।’
বৈঠকে জানানো হয়, কয়েক মাস আগে অনিষ্পন্ন মামলার সংখ্যা ছিল ২৮ লাখ। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংসদীয় কমিটি নিম্ন আদালতে অন্তত আরও তিন হাজার বিচারক নিয়োগের সুপারিশ করে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ময়মনসিংহের আদালতে তিন বছরে ৫৬ হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে। সবাই তাঁদের মতো হলে দেশে আর কোনো মামলাজট থাকবে না। তবে মাত্র এক হাজার ৭০০ জন বিচারক দিয়ে মামলার জট নিষ্পন্ন করা সম্ভব নয়।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, শামসুল হক ও জিয়াউল হক মৃধা এবং বিশেষ আমন্ত্রণে আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, আইনসচিব (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ অংশ নেন।