বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতা সংস্থা বিমসটেকের মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে চারটি চুক্তি সই হবে। এ ছাড়া এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণের জন্য সঞ্চালন লাইন স্থাপনের চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা এ বছরের ফেব্রুয়ারিতে। তাই ২০১৫ সালকে পাঁচ জাতির আঞ্চলিক সহযোগিতার জন্য ‘বাঁক পরিবর্তনকারী’ সময় হিসেবে গণ্য করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘বাংলাদেশ ও বিমসটেক: এগিয়ে যাওয়া’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ অভিমত দেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক বঙ্গোপসাগরীয় উদ্যোগের (বিমসটেক) বিষয়ে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস)। বিসের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ বছর আগে প্রতিষ্ঠিত বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটের চিহ্নিত ১৪টি ক্ষেত্রে অর্থপূর্ণ সহযোগিতার জন্য বাংলাদেশ তৈরি আছে। বিমসটেকের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য। বিমসটেকের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠক ২০১৫ সালের মাঝামাঝি ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিমসটেক এফটিএ বাস্তবায়নের সঙ্গে যুক্ত চারটি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বিমসটেক দেশগুলোর বিদ্যুৎ খাতে সহযোগিতা দৃশ্যমান করতে সঞ্চালন লাইন স্থাপনসংক্রান্ত সমঝোতা স্মারকটিও চূড়ান্ত হতে যাচ্ছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় জ্বালানিবিষয়ক টাস্কফোর্সের বৈঠকে এটি চূড়ান্ত হতে পারে। এটি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার করবে। তিনি মনে করেন, সংগঠন হিসেবে বিমসটেকের জন্য ২০১৫ সাল হবে বাঁক পরিবর্তনকারী।
বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালাও তাঁর বক্তৃতায় ২০১৫ সালকে সংস্থার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিমসটেক সচিবালয়ও এ বছরের মধ্যে এফটিএ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে, এটি দেখতে আগ্রহী।
উদ্বোধনী অধিবেশনের পর দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় সন্ত্রাসবাদবিষয়ক বিমসটেকের সনদ দ্রুত অনুসমর্থনের তাগিদ দেন।
প্রথম কর্ম-অধিবেশন সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এজাজ হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক ও বিসের জ্যেষ্ঠ গবেষক মাহফুজ কবীর।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঞ্চালনায় দ্বিতীয় কর্ম-অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক অণু বিভাগের মহাপরিচালক আবদুল মোতালেব সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান শাহাব এনাম খান ও বিসের গবেষক এম আশিক রহমান।