২০১৬ উষ্ণতম বছর হতে পারে
বিশ্বের উষ্ণতম বছর হতে পারে এ বছরটি। আজ সোমবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মরক্কোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, উষ্ণায়নের এই ধারা রোধ করা না গেলে নানা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব।
ডব্লিউএমওর মহাসচিব পেট্টেরি তালাস বলেছেন, নতুন আরেকটি বছর, আরেকটি রেকর্ড। গত বছর উষ্ণতার যে রেকর্ড ছিল, এ বছর তার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক উষ্ণতা থেকে তাপ বৃদ্ধি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
প্রতিবেদনে বলা হয়, আর্কটিক রাশিয়ায় দীর্ঘ সময়ে থাকা গড় তাপমাত্রার চেয়ে এ বছর ৬ থেকে ৭ ডিগ্রি তাপমাত্রা বেশি আলাস্কা এবং উত্তর-পশ্চিম কানাডাতেও তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে এ যাবৎ কালের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, এবারের উষ্ণতা তাকেও ছাড়িয়ে যাবে।
ডব্লিউএমও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা শিল্প-পূর্ব পর্যায় থেকে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বছরের বাকি সময়টুকুতেও এ ধরনের তাপমাত্রা থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে এ বছর যে তাপমাত্রা হবে, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সংস্থাটি আরও জানিয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে এল নিনোর প্রভাব রয়েছে। তবে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বেড়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ আরও বাড়বে।