বাংলাদেশে ২০১৬ সালে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। তবে বাংলাদেশ সরকার সন্ত্রাসের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি দেখিয়ে সন্দেহভাজন অনেক জঙ্গি গ্রেপ্তার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাস দমন কার্যক্রম অব্যাহত রেখেছে। গতকাল বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০১৬’ শীর্ষক ওই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশে হওয়া ১৮টি হামলার দায় আইএস স্বীকার করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয় গুলশানে হোলি আর্টিজান বেকারিতে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ পুরোপুরি বাস্তবায়নের প্রক্রিয়ায় থাকলেও জঙ্গিগোষ্ঠীতে নিয়োগ এবং এ কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হতে ভ্রমণ নিষিদ্ধ করে কোনো বিধান নেই। তবে এই আইনের আওতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২১৭৮ নম্বর প্রস্তাবে বর্ণিত বিদেশি জঙ্গি হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো বাস্তবায়ন সম্ভব।