২০১৬ সালে সড়ক দুর্ঘটনা কমেছে: নিসচা
২০১৬ সালে সারা দেশে দুই হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ১৪৪ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হন পাঁচ হাজার ২২৫ জন। ২০১৫ সালের তুলনায় গত বছর দুর্ঘটনার সংখ্যা কমেছে। নিহতের সংখ্যা কমেছে ১৭ দশমিক ১৬ শতাংশ।
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নিসচা এই প্রতিবেদন তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য ও আঞ্চলিক শাখা সংগঠনের পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে আঞ্চলিক অনেক দুর্ঘটনার খবর এই প্রতিবেদনে উঠে আসেনি।
নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমেছে ৩১০ টি। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও কমেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে বাসে—৭১০ টি।
প্রতিবেদনে বলা হয়, সরকারি কার্যক্রম জোরদার করা, গাড়ি চালকদের সচেতন করতে নিসচা, বিআরটিএর ও এলজিইডির নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা ও সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা কর্মকাণ্ড গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ফলে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে।