২০১৭ সালের মধ্যে আখাউড়া-আগরতলা রেল প্রকল্প প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের মধ্যে বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলার মধ্যে রেল যোগাযোগের প্রকল্প প্রস্তুত হবে। এই প্রকল্পের আওতায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেললাইন নির্মিত হবে। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬ ও ৭ জুন ঢাকা সফরের সময় ৫৭৫ কোটি রুপির এই রেল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে বলে আইএএনএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০১০ সালের জানুয়ারিতে দিল্লিতে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে এ রেললাইন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
নয়াদিল্লিতে গত বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ইন্ডিয়া (এনআইটিআই) আয়োগের বৈঠক হয়। ত্রিপুরার পরিবহনসচিব সমরজিৎ ভৌমিক জানান, ওই বৈঠকে ২০১৭ সালের মধ্যে বাংলাদেশ-ভারত রেল প্রকল্প প্রস্তুতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কিছু কিছু বিষয়ে পরিবর্তন আসবে। মোট ১৫ কিলোমিটার এই রেলপথ আগরতলা স্টেশন ও আখাউড়া স্টেশনকে সংযুক্ত করবে।