ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০১৭ সালের মধ্যে আকাশে উৎক্ষেপণ করা হবে। এ জন্য চুক্তি সই হয়েছে। চুক্তি সইয়ের পর প্রাথমিক কাজ হিসেবে গাজীপুরে ও বেতবুনিয়ায় দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে। সেভাবেই কাজ চলছে।
প্রতিমন্ত্রী আজ রোববার সন্ধ্যায় গাজীপুরের নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্পাসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন। এ সময় তাঁর সঙ্গে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জিএফএ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ল্যান্ড ফোনের দুরবস্থার ব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ল্যান্ড ফোনকে মোবাইল ফোনে ডাইভার্ড করে নেওয়ার চিন্তা আমাদের রয়েছে। ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছি।’
টেলিটকের গ্রাহক ভোগান্তি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পোস্ট অফিসগুলোতে একটি করে কম্পিউটারসহ আধুনিকায়ন করে উন্নত সার্ভিস সেন্টার স্থাপন করবে টেলিটক। এতে দুইটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে। টেলিটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, টেলিটকের নেটওয়ার্ক কম, টাওয়ার কম ও মূলধন কম। আগামী ৩-৪ মাসের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা হবে। তখন টেলিটকের নেটওয়ার্ক সমস্যাও লাঘব হবে।