২০১৮ সালে উড়ালসড়ক চালু করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঢাকা উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় নির্মাণকাজের উদ্বোধন করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক নির্মাণ করা হবে। গতকাল থেকে পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু হয়েছে। অবশ্য এর আগে ২০১১ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের কাজের উদ্বোধন করেছিলেন। সাড়ে তিন বছরের মধ্যে এটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু পরে আর কাজ হয়নি।
উদ্বোধন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। একই সময়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও শেষ হবে। আশা করি, একসঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করতে পারব।’
সেতু বিভাগ সূত্র জানায়, উড়ালসড়কটির মূল দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। তবে ফার্মগেটসহ ৩১টি স্থানে যানবাহনের ওঠানামার (র্যাম্প) ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে উড়ালসড়ক হবে প্রায় ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। বিমানবন্দরের কাছ থেকে শুরু হয়ে উড়ালসড়কটি কুড়িল, মহাখালী, তেজগাঁও, মগবাজার, মালিবাগ ও কমলাপুর হয়ে মেয়র হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। এর বেশির ভাগই হবে রেললাইন ধরে।
সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) এই উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২০১০ সালে নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয় ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানিকে (ইতাল-থাই)। এই প্রকল্পে ইতাল-থাই কোম্পানি ব্যয় করবে প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আনুষঙ্গিক কাজে সরকারের ব্যয় হবে ৩ হাজার ৪১৩ কোটি টাকা। ইতাল-থাই কোম্পানি আবার নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনকে।
সূত্র জানায়, ইতাল-থাই কোম্পানি সময়মতো প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি। প্রকল্পের পথ সংশোধন ও জমি বুঝিয়ে দিতে সেতু বিভাগও দেরি করে। ফলে সময়মতো প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে যায়। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর ইতাল-থাইয়ের সঙ্গে নতুন করে চুক্তি করতে হয়। প্রথমে ইতাল-থাই কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল ৮ হাজার ৭০০ কোটি টাকার।
চুক্তি অনুসারে, ইতাল-থাই কোম্পানি নির্মাণকালীন তিন বছরসহ ২৫ বছরে টোল আদায় করে বিনিয়োগের অর্থ তুলে নেবে। এ সময়ের মধ্যে দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন উড়ালসড়কে চললে আয়ের ২৫ শতাংশ বাংলাদেশ পাবে। আর একটানা ১৫ দিন সাড়ে ১৩ হাজারের কম যানবাহন চললে সরকারকে ভর্তুকি দিতে হবে। অর্থাৎ ২৫ বছরের চেয়ে বেশি সময় টোল আদায় করবে নির্মাতা প্রতিষ্ঠান।
দেরিতে কাজ শুরু এবং ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের গতকাল সাংবাদিকদের বলেন, জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে দেরি হয়েছে। এ কারণে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।
সেতু বিভাগের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে সায়েদাবাদ পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কর্নসুতাসহ সেতু বিভাগের কর্মকর্তারা।