২০১৮ সালে গ্যাসে আড়াই লাখ মিটার বসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১৮ সালের মধ্যে ২ লাখ ৬০ হাজার প্রি-পেইড মিটার বসাবে। সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আজ বুধবার সংসদে এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের অপচয় রোধে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও লালমাটিয়ায় ৮ হাজার ৬০০ প্রি-পেইড মিটার বসানো হয়েছে। জরিপে দেখা গেছে, প্রিপেইড মিটারের ফলে প্রতিটি ডাবল বার্নারের চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় হচ্ছে। শিল্প খাতেও প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকারিতা পরীক্ষাধীন রয়েছে। জাপান সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আরও দুই লাখ আবাসিক প্রিপেইড মিটার এবং চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রিপেইড মিটার বসানোর কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

আখতার জাহানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। তাই দেশের অভ্যন্তরে তেলের দাম কমানো বা বাড়ানো সম্ভব নয়। এ ছাড়া অতীতের প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা সরকারি ঋণ এখনো রয়ে গেছে। তাই এখন আবার জ্বালানি তেলের দাম কমানো হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আবার ঋণগ্রস্ত হবে।

সফুরা বেগমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেন, খাদ্যে ফরমালিনের উপস্থিতি যাচাই করতে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০০টি বিভিন্ন প্রকারের ফল পরীক্ষা করা হয়। তাতে কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

সামছুল হক দুদুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যন্ত্রপাতি পুরোনো হয়ে যাওয়ায় জয়পুরহাট চিনিকলের উৎপাদনক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। যন্ত্রপাতি পরিবর্তন করে এটিকে আধুনিকায়ন করার পরিকল্পনা সরকারের আছে।
আমিনা আহমেদের প্রশ্নের শিল্পমন্ত্রী বলেন, জাহাজভাঙাশিল্পে দায়িত্ব পালন করতে গিয়ে গত পাঁচ বছরে ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন।

এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, টিভি চ্যানেলের জন্য প্রযোজ্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।