২০১৮ সালে দেশে অতিদরিদ্র মানুষ থাকবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালে দেশে অতিদরিদ্র কোনো মানুষ থাকবে না। বর্তমানের ৯ শতাংশ অতিদরিদ্র মানুষকে আগামী তিন বছরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দীর্ঘদিন ঝুলে থাকা স্থলসীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে পাস হওয়ায় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের জন্য তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া...আমি বিশ্বাস করি, এটা কঠিন কোনো কাজ নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০১৮ সালে দেশে কোনো অতিদরিদ্র মানুষ থাকবে না।’ তিনি বলেন, বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৪ শতাংশ। চলতি মেয়াদেই সরকার তা কমিয়ে ১৪ শতাংশে নামিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের চলতি মেয়াদেই দারিদ্র্যের হার ১০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হব।’
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সমরাস্ত্র রপ্তানিতে মনোযোগী হওয়ার নির্দেশ: বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র ও গোলাবারুদ আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির বিষয়ে মনোযোগী হতে বাংলাদেশ অর্ডনেন্স ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবকিছু আমদানি নয়। আমরা নিজেরাই আমাদের অস্ত্র ও গোলাবারুদ তৈরি করব। আমাদের এ বিষয়ও মাথায় রাখতে হবে যে, দরকার ও যথোপযুক্ত হলে আমরা সমরাস্ত্র রপ্তানিও করতে পারব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অস্ত্র ও গোলাবারুদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অর্ডনেন্স ফ্যাক্টরির কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁর প্রারম্ভিক ভাষণে এসব কথা বলেন।
প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধানেরা এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন পুনর্গঠনমূলক কর্মকাণ্ডের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, তাঁরা ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন এবং নিজেদের সুনাম অক্ষুণ্ন রাখবেন। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের অতি দ্রুত বাংলাদেশের সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রয়োজনে এক লাখ মেট্রিক টন চাল এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের প্রস্তাব দিয়েছে।