২০১৮ সালে দেশে দারিদ্র্য থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,২০১৮ সালে দেশে দারিদ্র্য থাকবে না। আজ মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বাধা দূর করতে চলমান রাজনৈতিক সহিংসতাকে শক্ত হাতে দমন করতে হবে।
খালেদার কর্মসূচিকে দেশের উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করে আবদুল মুহিত বলেন, ‘আমি আশা করেছিলাম চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় থেকে সাতে যাবে। কিন্তু যে অনাচার হচ্ছে, তাতে স্বপ্ন আঘাতপ্রাপ্ত হচ্ছে। তবে আমি আশা ছাড়িনি। দুটি পথ আছে। এক হলো খালেদা জিয়ার সুমতি এবং দ্বিতীয়ত সন্ত্রাসকে শক্ত হাতে দমন করা। কিন্তু খালেদা জিয়ার সুমতি হবে কি না, তা এই সংসদে কেউ বলতে পারবে না। তাঁর অনুসারীরাও বলতে পারবে না। ’
খালেদা জিয়ার উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, উন্নয়নে বাধা দেবেন না। যদি অন্য কোথাও আনুগত্য না থাকে, তবে দেশের উন্নয়ন সহ্য করে নিন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই, যথেষ্ট সম্ভাবনাময় দেশ। সব দেশেই ১৩ থেকে ১৪ শতাংশ দারিদ্র্য থাকে। সব দেশেই এটি স্বাভাবিক। ২০১৩ সালে দেশে দারিদ্রে৵র হার ছিল সাড়ে ২২ শতাংশ এবং অতিদরিদ্রদের র হার ছিল ৯ শতাংশ। ২০১৮ সালে দেশে দারিদ্রে৵ র হার ১২ শতাংশে নামবে। কারণ, আমাদের এখানে অলস শ্রমশক্তি নেই। দারিদ্র্যকে বিতাড়িত করতে সবাই কিছু না কিছু করছে। পাশাপাশি দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। দারিদ্র্য দূর করার পাশাপাশি সরকার বৈষম্যও দূর করছে। বাংলাদেশ এখন আর ২০০৮ সালে নেই। ’
২০ দলের কর্মসূচির সমালোচনা করে আবদুল মুহিত বলেন, ‘দুঃখের বিষয়, দেশের উন্নয়নে বাধা দিচ্ছেন সাবেক একটি বিরোধী দলের নেত্রী, একজন মহিলা, খালেদা জিয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী। গত কয়েক দিনে তিনি দেশের যে ক্ষতি করেছেন, তা অচিন্তনীয়। এদের শক্ত হাতে দমন করতে হবে। আর আমাদের দেশে কিছু পদকপ্রাপ্ত ব্যক্তি আছেন, তাঁদের আল্লাহ সুমতি দিক। ’

খালেদা জিয়ার গুলশান কার্যালয় সরিয়ে নেওয়ার দাবি
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাংসদ এস এম আবুল কালাম আজাদ আগামী ২ ফেব্রুয়ারির আগে বিএনপির চেয়ারপারসন খালেদার কার্যালয় গুলশান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয় থেকে সন্ত্রাস নিয়ন্ত্রণ করা হয়। মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয়। কূটনৈতিক এলাকায় এ ধরনের কার্যালয় থাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই কার্যালয়ের ৫০ গজ দূরে গুলশান মডেল স্কুল। এক মাস ধরে এই স্কুল বন্ধ। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় আবুল কালাম আজাদ এ দাবি করেন।