২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে: ওবায়দুল
পদ্মা সেতুর মূল অংশের কাজ চলতি মাস থেকে শুরু হবে এবং ২০১৮ সালের মধ্যে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সরকারি দলের সাংসদ বেগম ফজিলাতুন্নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বমোট ৩০০ কোটি ডলারের বেশি ব্যয় হবে না। এটি একটি দোতলা সেতু হবে। নিচ দিয়ে ট্রেন এবং ওপর দিয়ে যানবাহন চলাচল করবে।
মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর মূল অংশ নির্মাণে ১২ হাজার ১০০ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া নদীশাসনে আট থেকে নয় হাজার কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পের আড়াই হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।
স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের প্লটসহ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের জানান, এখনো যদি প্রকৃত ক্ষতিগ্রস্ত ভূমিমালিকেরা ক্ষতিপূরণ না পেয়ে থাকেন, তাঁরা স্থানীয় জেলা প্রশাসন অফিসে যোগাযোগ করলে ন্যায্যতার ভিত্তিতে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।