২০১৮ সালে পদ্মা সেতুতে গাড়ি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণে সময় লাগবে চার বছর। ২০১৮ সালে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করা যায়। গতকাল বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সম্পর্কে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতুর কাজ চলতি বছরের জুন-জুলাইয়ে শুরু হবে। নির্মাণের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কোম্পানিটি ১২ হাজার ১৩৩ কোটি টাকার দর জমা দিয়েছে।
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা অজুহাতে এবং ব্যক্তিবিশেষের প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছিল। কিন্তু এখন আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, তাতে আমাদের কে কী দেবে, সেদিকে তাকাতে হবে না। পদ্মার জন্য কারও কাছে যাব না। নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে। সেতুর কাজ শুরু করতে যে অর্থ লাগবে, তা আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ রয়েছে। আমাদের রিজার্ভ ২০ বিলিয়নের বেশি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এই সেতু হবে বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত। কারণ, এর নিচ দিয়ে রেল চলবে, ওপরে গাড়ি চলবে। এটা বিশ্বের অনেক দেশে থাকলেও বাংলাদেশে এটাই প্রথম। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।