২০১৮ সালের পর গ্যাস ও বিদ্যুতের সমস্যা থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ সালের পর দেশে গ্যাস ও বিদ্যুতের সমস্যা থাকবে না জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, সরকার তিন বছরের মধ্যে ১১২টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছে। চলতি বছর ৩০টি গ্যাসকূপ খনন করা হবে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রক্রিয়া চলছে। এ জন্য টার্মিনাল নির্মাণের কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হয়ে যাবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন (ডিটিজি)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি সম্মিলিতভাবে চার দিনব্যাপী প্রদর্শনীটির আয়োজন করেছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আগামী সংসদ অধিবেশনে বস্ত্র আইন সংসদে উঠবে। তিনি আরও বলেন, সরকার শিল্প খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, সহসভাপতি হোসাইন মেহমুদ ও মোহাম্মদ আলী খোকন, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ, ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিংয়ের প্রেসিডেন্ট জুডি ওয়াং বক্তব্য দেন।

প্রদর্শনীতে বাংলাদেশ, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, তাইওয়ান, চীন, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ ৩৫ দেশের ১ হাজার ২০০ প্রতিষ্ঠানের ১ হাজার ২৪০টি স্টল আছে। প্রতিষ্ঠানগুলো স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং, ওয়াশিং টেস্টিং, এমব্রয়ডারি, কুলিং যন্ত্র, বয়লার ও অন্যান্য যন্ত্রপাতি প্রদর্শন করবে। আগামী রোববার পর্যন্ত প্রদর্শনী দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বলে জানালেন আয়োজকেরা।