২০১৮ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব ঘরে ২০১৮ সালের মধ্যে বিদ্যুতের সংযোগ পৌঁছে যাবে। প্রত্যেকের ঘরে আলো জ্বলবে। গতকাল শুক্রবার ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে নতুন বিদ্যুৎ-সংযোগ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এ কথা বলেন।
মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, একসময় বিদেশিরা বাংলাদেশকে ব্যঙ্গ করে ‘তলাবিহীন ঝুড়ি’ বলত। এখন তারাই বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন উপলক্ষে উপজেলার আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মিজানুর রহমান। সোনাগাজীর নয়টি গ্রামের ১ হাজার ২৯০ জন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়।