রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, অচিরেই দেশের সব জেলায় রেল সার্ভিস চালু করা হবে। কোনো জেলা রেল সার্ভিসের বাইরে থাকবে না।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারে রেল সার্ভিস চালু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রামে একটি বুলেট ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা আছে। ঢাকা থেকে কুমিল্লা-লাকসাম হয়ে বুলেট ট্রেন সার্ভিস চালু হলে মাত্র দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাবে।
রেলমন্ত্রী মুজিবুল হক আরও বলেন, বিএনপির আমলে রেলপথ ছিল অবহেলিত। বিএনপি সরকার নতুন রেললাইন নির্মাণ করেনি, কোনো ইঞ্জিন আনেনি, বগি আনেনি। পুরোনো রেললাইনও মেরামত করেনি। সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মাহমুদ হাসান, শওকত আলম, উম্মে হাবিবা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।
অধ্যাপক খোরশেদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল হক মাইজভান্ডারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের মহাসচিব মো. শহিদুল আজিম আজাদ।