২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল

২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর দাবি, এর মধ্যে পদ্মা সেতুর আড়াই হাজার কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। আরও দেড় হাজার কোটি টাকার কাজ চলছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুুুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় নতুন ফেরিঘাটের নির্মাণকাজ পরিদর্শনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা নদী শাসনের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান মুনসেলইকম দুটি প্রতিষ্ঠানকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করেছে। এই দুটি প্রতিষ্ঠান হলো, দেশি কারিগরি মূল্যায়ন কমিটি চায়না সিনো হাইড্রো (আট হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকায় ) ও দক্ষিণ কোরিয়ার হুন্ডাই (১২ হাজার ১২২ কেটি ৬১ লাখ টাকায়)। দুই দিনের মধ্যে এই সুপারিশমালা ক্রয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে চুক্তি সই হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিমুলিয়াঘাট পরিদর্শন শেষে মন্ত্রী টঙ্গিবাড়ী উপজেলার একটি বেইলি সেতু পরিদর্শনে যান। এরপর মন্ত্রী টঙ্গিবাড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে একটি গাছের চারা লাগান ।
এ সময় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।