২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
জাসদের এই নেতা বলেন, ২০১৯ সালে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন হবে। এতে গণতন্ত্রের অচল মাল সচল হওয়ার কোনো সুযোগ নেই। ‘আগুন-সন্ত্রাসী’ খালেদা জিয়ার সেই নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না। কোনো দিনই বাংলাদেশে রাজাকার-সমর্থিত, সামরিক-সমর্থিত কেউ ক্ষমতায় আসবে না।
তথ্যমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘মাথায় গণতন্ত্রের ওড়না যতই পরেন, মোদির সঙ্গে যতবারই করমর্দন করেন, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে। সেটা হচ্ছে আপনাকে রাজনীতির বাইরে থাকতে হবে। আদালতে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, জন্মগত অগণতান্ত্রিক শক্তির স্থান গণতন্ত্রে হতে পারে না। এদের সুযোগ দিলে ছোবল মারে। যেমন জামায়াত মারছে।
হাসানুল ইনু বলেন, ‘গণতন্ত্রের ঘাটতি নেই, তবে রাজনীতিতে বিষফোড়া আছে। এটা আমাদের জ্বালাচ্ছে। এটা জঙ্গিবাদের বিষফোড়া। আগুন-সন্ত্রাসের বিষফোড়া। এই বিষফোড়াগুলোকে ছোটখাটো অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দিতে হবে। তার জন্য একটু কষ্ট হবে। গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের এটা করতে হবে।’
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ স্থলসীমান্ত চুক্তি, গঙ্গার পানি চুক্তি, শান্তিচুক্তি করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, সুশাসনের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগ দিতে হবে। নারী নির্যাতন রোধে আরও সোচ্চার হতে হবে।
জাতীয় পার্টির এই নেতা বলেন, মাদক বড় সমস্যা। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াবা আসছে। নিরাপত্তা বাহিনীকে কঠোর হতে হবে। গডফাদারদের ধরতে হবে। তিনি বলেন, বর্তমান সংসদ নির্বাচন করতে পারায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই নির্বাচন না হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ত।