আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ সাল থেকে পূর্বাচলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এ জন্য পূর্বাচলে অবকাঠামো নির্মাণের কাজ চলছে। গতকাল বুধবার সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা ঢাকা থেকে পূর্বাচলে স্থানান্তরের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চীনের কর্তৃপক্ষের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি চুক্তি সই হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন এই স্থানের নাম হবে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। আশা করা যায়, ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। সে ক্ষেত্রে ২০১৯ সালের বাণিজ্য মেলা পূর্বাচলের নতুন মেলা সেন্টারে অনুষ্ঠিত হবে।
জাহান আরা বেগমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮-০৯ থেকে ২০১৫-১৬ পর্যন্ত বাংলাদেশ চা রপ্তানি করে ৩৫ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তবে আগের সাত অর্থবছরের তুলনায় সর্বনিম্ন ১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারের চা রপ্তানি হয়েছে গত অর্থবছরে।