
২০১৬ সালের পর থেকে মাঝখানে তিন বছর সীমান্ত হত্যা কমতে থাকলেও ২০১৯ সালে হঠাৎ তা বেড়ে যায়। এ বছরের জানুয়ারিতে এক মাসেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে প্রাণ হারান ১২ বাংলাদেশি। করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে মার্চে তা নেমে গিয়েছিল শূন্যের কোঠায়। হঠাৎ এপ্রিলে বিএসএফ হত্যা করে চার বাংলাদেশিকে। করোনা সংক্রমণের মহামারির কালেও দুই নিকট প্রতিবেশীর সীমান্ত হত্যাকাণ্ড বাড়াটা উদ্বেগের। এক দশক ধরে সম্পর্কের বিশেষ পর্যায়ে উন্নীত হওয়ার পরও সীমান্ত হত্যার মতো বাংলাদেশের উদ্বেগের বিষয়টির কোনো সুরাহা হলো না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে প্রকাশিত নভেম্বর-ডিসেম্বর প্রান্তিকের সিজিএস পিস রিপোর্টে এ মন্তব্য করা হয়েছে।
আজ মঙ্গলবার সিজিএস তাদের ওই প্রতিবেদন প্রকাশ করেছে। সবর্শেষ প্রতিবেদনে বাংলাদেশে অপরাধ ও সহিংসতার বিশ্লেষণের পাশাপাশি বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, গত ১০ বছরে সীমান্তে বিএসএফের হাতে ২৯৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে ৬৬, ২০১০ সালে ৫৫, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ ও ২০১৮ সালে ৩ জন বাংলাদেশিকে হত্যা করেন বিএসএফের সদস্যরা।
বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিএসএফ গুলি করে ৪৩ জন বাংলাদেশিকে হত্যা করেছে। আসকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত গত আট বছরে বিএসএফের গুলিতে ২৩৩ জন বাংলাদেশি মারা গেছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দশকের পর দশক ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে প্রতিবছর বাংলাদেশে লাখ লাখ গরু চোরাচালান হয়ে থাকে। তাই বাংলাদেশ-ভারত সীমান্ত গরু চোরাকারবারিদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যেহেতু গরুর ব্যবসাটি অবৈধ প্রক্রিয়ায় হয়ে থাকে, সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সংঘাতটা সেখানে স্বাভাবিক ঘটনা। অনেকবারই অভিযোগ পাওয়া গেছে যে চোরাকারবারিদের সঙ্গে দুই দেশের কিছু সীমান্তরক্ষীদের ঘনিষ্ঠ যোগসাজশ রয়েছে। ফলে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে চোরকারবারিরা। লক্ষ করলে দেখা যাবে, বাংলাদেশ-ভারত সীমান্তে নিহত বাংলাদেশিরা মূলত রাখাল ও গরু চোরাকারবারি। নির্বিচারে গরু চোরাচালান যে সীমান্ত হত্যার মূল কারণ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল, বিএসএফ নন-লেথাল (প্রাণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করবে। কিন্তু বাস্তবে এর উল্টো ঘটনা ঘটছে। তাই সীমান্তে দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি ঘটছে। আমাদের প্রত্যাশা থাকবে, বিএসএফ নন-লেথাল অস্ত্র ব্যবহার করবে। আর বন্ধু দেশের সীমান্তে কাউকে মেরে ফেলা ঠিক নয়। কোনো অপরাধী ধরা পড়লে তাকে আটক করা হোক।’
সিজিএসের প্রতিবেদনে বলা হয়েছে, অবশ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের মতে, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের অন্তত ৯৫ শতাংশের বিরুদ্ধে গরু চোরাকারবারির অভিযোগ রয়েছে। ২০১৪ সালে ভারত থেকে গরু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারির পর থেকে মাংস উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বনির্ভর হয়ে উঠেছে। ফলে ভারত থেকে বাংলাদেশে গরু আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালের ঈদুল আজহার সময় ভারত থেকে বাংলাদেশে ২৩ লাখ গরু আনা হয়েছে, যা ২০১৯ সালে নেমে এসেছে ৯৩ হাজারে।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের একটি কূটনৈতিক সূত্র আজ প্রথম আলোকে বলে, ভারত থেকে বাংলাদেশে গরু রপ্তানি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। কাজেই সিজিএসের প্রতিবেদনে ভারত থেকে গরু আসা কমে যাওয়ার কথা বলা হয়েছে। তাতে তো প্রমাণ হয় যে সীমান্তে গরু চোরাচালানের ঘটনা ঘটেই চলেছে। সীমান্তে বিএসএফের হাতে দুর্ভাগ্যজনকভাবে যাদের মৃত্যু ঘটছে, তাদের অধিকাংশই গরু চোরাচালানের সঙ্গে জড়িত। আর সীমান্তে মৃত্যুর বেশির ভাগই ঘটছে সীমান্তের ভারতীয় অংশে। তবে সীমান্তে একটি মৃত্যুও কাম্য হতে পারে না। সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের ব্যাপারে দুই দেশ সচেষ্ট রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বর থেকে বিএসএফ আর সীমান্ত হত্যা বলছে না। ওই সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের বৈঠকে এটিকে ‘অপ্রত্যাশিত মৃত্যু’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আজ প্রথম আলোকে বলেন, ‘এ বছরের মার্চে করোনাভাইরাসের কারণে ভারতে যখন লকডাউন দেওয়া হলো, বাংলাদেশ-ভারত সীমান্তে একজনেরও প্রাণহানি হয়নি। এপ্রিলে হঠাৎ বিএসএফ গুলি করে চার বাংলাদেশিকে হত্যা করল। সবচেয়ে নিবিড় বন্ধুতা আছে, এমন দুই প্রতিবেশী দেশের সীমান্তে এমন হত্যা কেন ঘটছে? ভারতীয় সীমান্তরক্ষী হিসেবে যাঁরা বাংলাদেশ-ভারত সীমান্তে কাজ করতে আসছেন, তাঁদের কি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা থেকে এখানে বদলি করে আনা হচ্ছে? যদি তা–ই হয়, তাঁদের এই প্রশিক্ষণটা দেওয়া জরুরি, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আর বাংলাদেশের সঙ্গে সীমান্ত একই দৃষ্টিভঙ্গি নিয়ে সামলানোর সুযোগ নেই। কারণ, কাশ্মীরসহ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোয় যেভাবে সীমান্তরক্ষীরা কাজ করেন, এখানে সেভাবে তা করার সুযোগ নেই। সর্বোপরি আন্তর্জাতিক কোনো আইনে সীমান্তরক্ষীদের হাতে হত্যার মতো বিচারবহির্ভূত অপরাধকে কখনোই প্রশ্রয় দেয় না। তা ছাড়া সীমান্ত হত্যার মতো সমস্যা সমাধানের জন্য আমাদের ভারতের নাগরিক সমাজ, গণমাধ্যমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে। শুধু দুই দেশের সরকারের মাধ্যমে এই সমস্যার সুরাহা হবে না। কেননা, ভারতের নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে কার্যকরভাবে যুক্ত হলেই সীমান্ত পরিস্থিতি নিয়ে একপেশে আর ভুল তথ্য সম্পর্কে তাদের সংবেদনশীল করা যাবে।’