২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ পশ্চিমা কয়েকটি দেশ সব দলের অংশগ্রহণে আগাম নির্বাচন চাইলেও তা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। মেয়াদ শেষে বর্তমান সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে।
গতকাল বুধবার গণভবনে আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানির এক দিন বাদেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বক্তব্য দিলেন। ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিএনপিসহ সব দলকে নিয়ে আগাম নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদেশি কূটনীতিকদের প্রতি ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, ‘তাঁদের কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাঁরাও ক্লান্ত হয়ে গেছেন। কয়েকজন আছেন, এখনো ক্লান্ত হননি। তাঁরা চালিয়ে যাচ্ছেন। পারলে যেন কালই আরেকটা নির্বাচন দিয়ে দেন।’
সৈয়দ আশরাফ বলেন, অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলেন। কিন্তু আমাদের সেই ইচ্ছা নেই। যত চাপই আসুক, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
বৈঠকে উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার বিষয়ে আলোচনা হয়। কীভাবে তা করা যায়, সেটি খতিয়ে দেখার জন্য সৈয়দ আশরাফকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থীদের ঠেকানোর জন্য গঠিত দলের সাত বিভাগীয় কমিটি বৈঠকে প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, কোনো কোনো এলাকায় দলীয় সাংসদদের হস্তক্ষেপের কারণে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন।
এ ছাড়া আগামী ৭ মার্চ ঢাকায় জনসভা এবং ২৬ মার্চ তিন লাখ লোকের সমবেত জাতীয় সংগীত গাওয়ার আয়োজনসহ ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ১৭ এপ্রিলের দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়।