২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই অযথা আন্দোলন করে, জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করবেন না। যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেন, তাহলে বুঝবেন কত ধানে কত চাল।’
মোহাম্মদ নাসিম আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত গণতন্ত্র অবরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। ২০০৭ সালের এ দিনে তত্কালীন সেনা-সমর্থিত সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল।
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি না করে দলকে সংগঠিত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি মোহাম্মদ নাসিম আহ্বান জানান।
ছাত্রলীগ নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ছাত্রলীগের ভেতর যদি কেউ খারাপ থাকে তাহলে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। গুটি কয়েকের জন্য হাজার হাজার ছাত্রলীগ নেতার দুর্নাম হতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বাসস