স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আপনি যতই আন্দোলন করেন ব্রাজিল দলের মতো আওয়ামী লীগের কাছে সাত গোল খাওয়ার দশা হবে আপনার। আমি নাসিম বলছি, ২০১৯ সালের এক ঘণ্টা আগেও বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ঈদের পরে আপনি আন্দোলনের নামে মানুষ খুন করবেন আর আমরা স্বাস্থ্য বিভাগের জন্য সাত হাজার ডাক্তার নিয়োগ দেব।’
গতকাল শনিবার জামালপুরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জামালপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মতবিনিময় সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আন্দোলনের কথা বলে দল গোছানোর কাজ শুরু করেছেন ভালো কথা। ঈদে খাওয়া-দাওয়া করে বিশ্রাম নেন। ২০১৯ সালের আগে আপনি আন্দোলনে নামতে পারবেন না।’ তিনি বলেন, ‘দেশে অর্থনৈতিক মন্দা নেই। জনগণের কোনো সমস্যা নেই। নির্বাচনে না গিয়ে উনার সমস্যা হয়েছে। খালেদা জিয়া এখন বিরোধী দলেও নেই। তাঁর সাথে কিসের আলোচনা? আন্দোলনের নামে নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অনেক উন্নতি হয়েছে। চিকিৎসক নিয়োগসহ সবার সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
জামালপুর জেলা স্বাচিপের সভাপতি আবদুল মান্নান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ ফরিদুল হক খান ও মাহাজাবিন মোশারফ বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মুহাম্মদ বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল হাসপাতাল ও কলেজ চালু করার কার্যক্রম পরিদর্শন করেন। তিনি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসসহ জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।