২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি রাজনৈতিক দলও নির্বাচন ছাড়া টিকতে পারে না। ২০১৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সে কথা না শুনে ভুল করেছেন। আর এখন সাধারণ মানুষ প্রাণ দিয়ে তার মাশুল গুনছে। এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মানুষ মারার রাজনীতি তাঁকে বন্ধ করতে হবে। খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। তাই সেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।
পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মাহবুবুর রহমান তালুকদার, এ বি এম রুহুল আমিন হাওলাদার, মিসেস লুৎফুন নেছা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নূরুল হক।