৪০ বছর উচ্চ আদালতে দাপটের সঙ্গে মামলা লড়েছেন। একদিন বিচারকের সামনে দাঁড়িয়ে অনেক কিছুই মনে করতে পারলেন না। বাসায় বাবার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ করছিলেন মেয়েও। এক যুগেরও বেশি সময় এক বাড়িতে থাকছেন। অথচ কোনটা খাবার ঘর, কোনটা শোবার ঘর মনে রাখতে পারছেন না। অবশেষে ধরা পড়ল এই আইনজীবী ডিমেনশিয়া রোগে ভুগছেন। ডিমেনশিয়ায় বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায়।
ডিমেনশিয়া নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংস্থা হেলপএইজ ইন্টারন্যাশনাল। এর বাংলাদেশ শাখার তথ্য, ২০১০ সালে বাংলাদেশে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৩০ লাখের বেশি। এদের প্রিভালেন্স অব ডিমেনশিয়া ইন বাংলাদেশ (বাংলাদেশে ডিমেনশিয়ার প্রকোপ) শীর্ষক গবেষণা বলছে, দেশে ২০২০ সাল নাগাদ এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা হবে ৪০ লাখের বেশি।
এ রোগের চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকেরা বলছেন, বাংলাদেশে মানুষের গড় আয়ু বাড়ছে। সেই সঙ্গে এ ধরনের রোগে ভোগার আশঙ্কাও বাড়ছে। অন্য অনেক কারণে ডিমেনশিয়া হয়ে থাকলেও ডিমেনশিয়ায় ভোগা রোগীদের সবচেয়ে বড় অংশটি আলঝেইমারে ভোগেন।
আজ বিশ্ব আলঝেইমার দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘ ডিমেনশিয়ায় ভোগা রোগীদের সব রকমের বৈষম্য থেকে রক্ষায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘ডিমেনশিয়া ঝুঁকিটা কি কমানো যায়?’ মূলত প্রবীণ ব্যক্তিরাই এ রোগে ভোগেন।
বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে বয়স্ক ব্যক্তিদের সেবার সুযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার বিভাগের পরিচালক সৈয়দ আবু জাফর মো. মুসা বলেছেন, চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে প্রবীণ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন—এ নির্দেশ হাসপাতালগুলোতে দেওয়া আছে। অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যে কর্মপরিকল্পনা, তাতে প্রবীণ ব্যক্তিদের ব্যাপারে যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে। তবে শুধু প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সুযোগ করে দিতে আলাদা কোনো নীতি বা পরিকল্পনা নেই।
আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান মো. শরীফুল ইসলাম বলেন, মস্তিষ্কের কোষসংখ্যা (নিউরন) বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতে থাকে। বয়সের সঙ্গে শারীরিক রোগব্যাধি মস্তিষ্কের ক্ষতি করে যদি স্বাভাবিক জীবনযাত্রাকে ভন্ডুল করে দেয়, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ডিমেনশিয়া বলে। তিনি আরও বলেন, প্রথম দিকে রোগী বা রোগীর স্বজনেরা ভুলে যাওয়ার সমস্যার কথা বলেন। সে সময় কেউ ভুলটা ধরিয়ে দিলে রোগী সংশোধন করে নিতে পারেন। কিন্তু আস্তে আস্তে ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। রোগী কোন কাজটার পর কোনটা করবেন, মনে রাখতে পারেন না। বাজারের হিসাব ভুল করেন। একটি জিনিস আনতে গিয়ে অন্য জিনিস নিয়ে আসেন। দরকারি জিনিস ফেলে আসেন, কী কী জিনিস সঙ্গে ছিল বা আনতে বলা হয়েছিল, তা বেমালুম ভুলে যান। অনেক পুরোনো কথা মনে করতে পারলেও দু-এক দিন আগের কথা মনে করতে পারেন না।
ডিমেনশিয়া রোগটি জটিল হয়ে গেলে রোগীর সেরে ওঠার আর কোনো সম্ভাবনা থাকে না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে যেকোনো হাসপাতালে ডিমেনশিয়ার চিকিৎসা আছে। মুশকিল হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যাবেন—এমনটি ধরেই নেওয়া হয়। ফলে ডিমেনশিয়া রোগটি সম্পর্কে বেশির ভাগ মানুষ সচেতন থাকেন না।
তাজুল ইসলাম বলেন, এখন এমন অনেক ওষুধ আবিষ্কার হয়েছে, যেগুলো সেবন করলে ডিমেনশিয়া তীব্র হওয়া রোধ করা যায়। কিন্তু বেশির ভাগ রোগী আসেন একেবারে শেষ পর্যায়ে।
চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন রোগ থেকে ডিমেনশিয়ার উৎপত্তি। তাই সুস্থ জীবনযাপন করাটা জরুরি। তাঁরা মানুষকে ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।