২০২০ সাল নাগাদ ১০টি রোগ নির্মূলে অঙ্গীকার
২০২০ সাল নাগাদ বিশ্ব থেকে ১০টি রোগ নির্মূল বা নিয়ন্ত্রণের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনসহ বিশ্বের ১৩টি শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসে গত মঙ্গলবার আয়োজিত এক সম্মেলনে বিশ্বনেতারা কলেরা, ডেঙ্গু, ফাইলেরিয়া, কুষ্ঠ, ম্যালেরিয়া, কালাজ্বরসহ মোট ১০টি ‘ট্রপিকাল ডিজিজ’ নির্মূলে ‘লন্ডন ঘোষণা’য় স্বাক্ষর করেন। প্রতিবছর বিশ্বের ১৪০ কোটি মানুষ এসব রোগে আক্রান্ত হয়। এদের বেশির ভাগেরই বাস দরিদ্র দেশগুলোতে। এই উদ্যোগে বিশ্বনেতারা সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি অনুদান দেবেন। এ ছাড়া বিশ্বের শীর্ষ ওষুধ উৎপাদনকারী ১৩টি প্রতিষ্ঠান প্রয়োজনীয় ওষুধের উৎপাদন অব্যাহত রাখবে। এসব রোগ নিয়ে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় গবেষণা চালানো হবে। রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসে আয়োজিত ওই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং বলেন, এ উদ্যোগ সফল হলে সবচেয়ে উপকৃত হবে নারী ও শিশুরা। অনুষ্ঠানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস রোগ নির্মূলে বিশ্বনেতাদের এই ঐকমত্যকে একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।