২০২০ সালে আরও ১৪ কোটি লিটার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) নামে চট্টগ্রাম ওয়াসার আরও একটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। চারটি ভাগে (প্যাকেজে) এ প্রকল্পের কাজ হবে। প্রথম প্যাকেজের আওতায় রাঙ্গুনিয়ার পোমরায় পানি শোধনাগার তৈরি, পানি উত্তোলন-সুবিধা, নাসিরাবাদের জলাধার নির্মাণ ও হালিশহরে পানির ট্যাংক নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আগামী চার বছর পর ২০২০ সাল থেকে দৈনিক আরও ১৪ কোটি লিটার পানি পাবে ওয়াসা।
গতকাল সোমবার নগরের একটি হোটেলে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) প্রথম প্যাকেজের জন্য বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়াসা। যৌথভাবে এ প্যাকেজটির কাজ পেয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কুবোতা কনস্ট্রাকশন কোম্পানি ও দক্ষিণ কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান কোলন গ্লোবাল করপোরেশন। এই প্যাকেজের চুক্তিমূল্য ৪৭৮ কোটি টাকা। তিন বছরের মধ্যে কাজটি শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্প ব্যবস্থাপক জাং চ্যাং ডৌ চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এ জন্য ব্যয় হবে ৪ হাজার ৪৯১ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৮৫৩ কোটি টাকা দেবে জাইকা, সরকার দেবে ৮৪৪ কোটি টাকা। বাকি ২৩ কোটি টাকা জোগান দেবে ওয়াসা।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানি উৎপাদন ছাড়াও পুরো প্রকল্পের আওতায় শহরের পুরোনো সব পাইপলাইন বদলে ফেলা হবে। পর্যায়ক্রমে পাইপলাইনসহ অন্যান্য কাজের জন্য বাকি তিনটি প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেইন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) পরিচালক কাজী ইয়াকুব সিরাজ উদ দৌলা, কুবোতা কনস্ট্রাকশন কোম্পানির মহাপরিচালক সুকেহিরো সাসাকি, কোলন গ্লোবাল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইন হো হান প্রমুখ।
জাইকার অর্থায়নে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প নামে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় এ প্রকল্পের পানি শোধনাগার তৈরি হচ্ছে। এর পাশেই নতুন প্রকল্পটির পানি শোধনাগার তৈরি হবে। এ কারণে এই প্রকল্পটির নামও কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) রাখা হয়েছে।