শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ২০২০ সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থীর ২০ শতাংশকে কারিগরি শিক্ষায় ভর্তির ব্যবস্থা করবে। বর্তমানে এ হার ১৩ দশমিক ১১ শতাংশ, যা ২০০৮ সালে ছিল ১ দশমিক ২ শতাংশ।
গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুই দিনব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর অধ্যক্ষদের সম্মেলন ও ‘ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউশন লিঙ্কেজ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা জাতীয় অগ্রাধিকার খাত। এর মধ্যে কারিগরি শিক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার খাত। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর কাজ চলছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।