২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্ধত্ব দূর করতে চায় ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সাইট সেভার্স ‘ভিশন বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্ধত্ব দূর করতে চায়। প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিকভাবে ২০১৪ সালের মধ্যে সিলেট অঞ্চলের প্রায় ১০ লাখ দুস্থ ছানি পড়া রোগীকে চিকিৎসা দেওয়া হবে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গত শুক্রবার লন্ডনের একটি রেস্তোরাঁয় ভিশন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। ফজলে হাসান আবেদ জানান, এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৩০ লাখ পাউন্ড। প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এলে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। ব্র্যাকের চেয়ারপারসন আরও জানান, বাংলাদেশে প্রায় ১০ লাখ মানুষ অন্ধ। এই অন্ধত্বের ৮০ শতাংশই ছানি পড়া রোগের কারণে হয়েছে। সিলেট অঞ্চলের ৬০ হাজার মানুষ ইতিমধ্যে চিরতরে অন্ধ হয়ে গেছে। মাত্র ২৫ পাউন্ড অর্থ ব্যয় করে ছানি পড়া রোগীদের চোখে অস্ত্রোপচার করলেই তারা আলো ফিরে পেতে পারে। গরিব এই দৃষ্টিপ্রতিবন্ধীদের চোখে আলো ফিরিয়ে দেওয়ার কর্মসূচিতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সহায়তা চান আবেদ। ফজলে হাসান আবেদ বলেন, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় এক হাজার দুস্থ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একজন প্রবাসী একটি করে ছানি পড়া রোগীর অস্ত্রোপচারের দায়িত্ব নিলে এই প্রকল্প বাস্তবায়ন সহজতর হতে পারে। সংবাদ সম্মেলনে ব্র্যাক যুক্তরাজ্যের নির্বাহী পরিচালক সান্ড্রা এম কবির, সাইট সেভার্স ইন্টারন্যাশনালের জন বাইন, ভিশন বাংলাদেশ প্রকল্পের পৃষ্ঠপোষক প্রাইড অব এশিয়ার স্বত্বাধিকারী ওয়াজেদ হাসান ও গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন মনছব আলী উপস্থিত ছিলেন। এর আগে লন্ডন সফরকালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বিশ্বব্যাপী ব্র্যাকের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বাথ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি লাভ করেন।