
বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেক্টরে ২০২১ সাল থেকে প্রতিবছর দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজধানীর সোনারগাঁ হোটেলে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
আইসিটি অধিদপ্তর এবং বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) সহযোগিতায় আইসিটির উদ্যোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
জয় বলেন, আজকের বিপিও-শিল্প ২০২১ সালের মধ্যে প্রতিবছর সর্বোচ্চ সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করবে। এই সুযোগ লুফে নিতে সরকারি ও বেসরকারি উভয় সেক্টর সর্বোচ্চ চেষ্টা চালাতে পারে। তিনি বলেন, ‘আমরা প্রতিবছর বাংলাদেশে দুই লাখ বিপিও চাকরির সুযোগ সৃষ্টি করব।’ জয় আরও বলেন, ‘দেশে প্রতিবছর কম্পিউটারবিজ্ঞান বিষয়ে ১০ হাজার গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। আমাদের অনেক কম্পিউটারবিজ্ঞান গ্র্যাজুয়েট গুগল, ফেসবুক ও মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। তাঁদের যোগ্যতা আন্তর্জাতিক মানের চেয়ে কম নয়।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং আইসিটির সচিব শ্যাম সুন্দর শিকদার।